বিউবিটির মোবাইল অ্যাপ অ্যান্ড গেম টেস্টিং ল্যাব উদ্বোধন
রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বিকেলে মোবাইল অ্যাপ অ্যান্ড গেম টেস্টিং ল্যাব উদ্বোধন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় বিইউবিটি ভিসি ফাইয়াজ খান, ট্রাস্টি বোর্ড সদস্য আবু সালেহ , ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. শফিক আহমেদ সিদ্দিকী, প্রযুক্তিবিদ ড. মুহাম্মাদ কায়কোবাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তত্বাবধানে ল্যাবটিতে রয়েছে ১০টি বিশেষায়িত পিসি। এই পিসি ব্যবহার করে এরই মধ্যে তিনটি অ্যাপও তৈরি করেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর দুইটি অ্যাপ বিশ্ববিদ্যালয়ের ব্যবহারের জন্য। অন্যটি সবার জন্য।
ফিতা কেটে ল্যাব উদ্বোধনের পর আইসিটি প্রতিমন্ত্রীর সামনে এই অ্যাপগুলো বিষয়ে আলোকপাত করা হয়। অ্যাপগুলোর মধ্যে ‘স্মার্ট দরজি’ অ্যাপটি ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি নির্ভর। এটি ব্যবহার করে যে কেউ মোবাইল থেকেই নিজের পোশাক বানানোর জন্য দরজিকে মাপজোখ দিতে পারবেন ঘরে বসেই। অন্য অ্যাপটি ‘বিউবিটি অ্যাথিকস’ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা। অ্যাপটি ক্যাশলেস স্মার্ট ক্যাম্পাস অ্যাপ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এছাড়াও তাদের তৈরি ফলাফলের এগ্রিগেটর অ্যাপ এর মাধ্যমে কোন বিশ্ববিদ্যালয়ে কী ফলাফল হচ্ছে, নিজেদের অবস্থান ইত্যাদি বিষয়ে জানা সম্ভব হবে।
অনুষ্ঠানে জানানো হয়, মোবাইল গেম প্রকল্পের আওতায় এখন পর্যন্ত সারাদেশে ৮টি গেম টেস্টিং সেন্টার এবং ৩২টি মোবাইল অ্যাপ ও গেম টেস্টিং ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়া শিশু স্বাস্থ্য, শিক্ষাবিষয়ক ১০০ টি মোবাইল গেমসহ ৩০ টির বেশী অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশন উন্নয়ন করা হয়েছে। এরমধ্যে ডিজিটাল রাজশাহি সিটি করপরেশন; করোনাকালীন করোনা ট্রেসার বিডি; ভাষা শিক্ষার জন্য ‘ভাষা গুরু’ মোবাইল অ্যাপ; বিএসটিআই এর প্রোডাক্ট চেকিং অ্যাপ; ধানের বিভিন্ন রোগের সমাধান পেতে এআই বেইজড ম্যানেজমেন্ট অ্যাপ; এয়ারপোর্ট ডিজটাইজেশন অ্যাপ প্রধামন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের মোবাইল অ্যাপ ওয়েব অ্যাপ্লিকেশন; বন বিভাগের জন্য ইকো ট্যুরিজম অ্যাপ; সারা দেশ থেকে যাকাত সংগ্রহের যাকাত ম্যানেজমেন্ট অ্যাপ উন্নয়নের কাজ শেষ হয়েছে।
এছাড়াও সরকারি সেবার তথ্য সংক্রান্ত সিটিজেন হেল্প ডেস্ক; ডিজিটাল ক্যাশ বুক; আইসিটি অ্যাক্ট; আইসিটি রুলস; শিশু শিক্ষা অ্যাপ; সরকারি ক্রয়ের জন্য পিপিআর ২০০৮ নামের তৈরি অ্যাপ গুগল প্লে স্টোরে আপলোড করা হয়েছে।
অপরদিকে প্রধানমন্ত্রী লিখিত মুজিব আমার পিতা অ্যানিমেশন মুক্তি নির্মাণ কাজ শেষ হয়েছে। চলমান রয়েছে বঙ্গবন্ধুর ওপর ১০ পর্বের এনিমেশন মুভি ‘খোকা’; শেখ রাসেলের জীবনী নির্ভর অ্যানিমেশন থ্রিডি মুভি ‘রাসালে সোনা’ ও ‘মুজিব ভাই’ এনিমেটেড মুভি।